|

প্রার্থনা যাত্রা

ছোট ছোট, আলো আলো প্রার্থনার অনুসন্ধানে

“পথে পথে খুঁজছি প্রার্থনা—
আমার ঘরের শিশুটি ঘুমায় না কতকাল।
ওর জন্য নিয়ে যাচ্ছি এক সপ্তাহের রেশন,
ছোট ছোট, আলো আলো প্রার্থনা।”

প্রার্থনা সবসময় ধর্মীয় স্থাপনায় থাকে না।

কখনো কখনো তা লুকিয়ে থাকে একটি কৃষ্ণচূড়ার ছায়ায়, বিকেলের নিঃসঙ্গ চায়ের দোকানে, ভাঙা টিনের ঘরে, শ্রমিকের ক্লান্ত শরীরে, কিংবা ঘুমহীন শিশুর পাশে বসে থাকা একজন পিতার উৎকণ্ঠায়।

“প্রার্থনা যাত্রা” কবিতাটি সেইসব অদৃশ্য প্রার্থনার অনুসন্ধান। এখানে প্রার্থনা কোনো আনুষ্ঠানিক ধর্মীয় আচারের নাম নয়; বরং মানুষের বেঁচে থাকা, ভালোবাসা, স্মৃতি, শ্রম, অভাব, সৌন্দর্য এবং আশার আরেক নাম।

এই কবিতার ভেতর দিয়ে একটি যাত্রা এগিয়ে চলে—শহর থেকে গ্রাম, কংক্রিট থেকে নদী, বিচ্ছেদ থেকে স্মৃতি, দারিদ্র্য থেকে স্বপ্নের দিকে। সেই যাত্রার প্রতিটি বাঁকে কবি খুঁজে ফেরেন মানুষের ভেতরে লুকিয়ে থাকা ক্ষুদ্র অথচ দীপ্তিমান আলো।


প্রার্থনা যাত্রা

পথে পথে খুঁজছি প্রার্থনা
ঐ যে কৃষ্ণচূড়া, তার ছড়ানো প্রশাখা
লাল লাল শ্বাসমূলে গোপন নিঃশ্বাস
থরো থরো সবুজ, উঁচু করে মুখ
দেখছে চলে যাওয়া, আনমনে চা খাওয়া
নিঃসঙ্গ টি-স্টল, লুকানো প্রার্থনা

তুমি বারান্দায়, কিংবা ছাদে
আকাশের কাছে নতজানু হয়ে
চোখদুটো বাজি রেখে
কড়কড়ে সিমেন্টের পর
কান পেতে
বুঝতে চাইছো দালানের কথা
খাপেখাপে সাজানো গাঁথুনির বিশ্বাস
একগুচ্ছ বেলি ফুল, হাতের ভাঁজ
স্পর্শের স্মৃতি, বিচ্ছেদের বিষাদ
রোমকূপে শিহরণ
কাঁচের বোতলে ঘষে যাওয়া মন
সুগন্ধি কিংবা প্রার্থনা

একটানা সাদা রেখা
কেউ একজন দাগ এঁকে
হেঁটেছে সমান্তরাল,
এই পথেই, শহর থেকে বেরিয়ে
কেউ গেছে ঘরে, কেউ গেছে সীমানায়
পাশের ইলেকট্রিক পোল
হয়ে গেছে শেষ

নিভু নিভু কার্নিশে অফিস-ফেরা কাক
গ্রামের স্নিগ্ধ ত্বকে
কূপি জ্বেলে দেখে নদীর নিখুঁত বাঁক
জলের কণায় ফেলে আসা ঝর্ণার ডাক
ফেনায়িত উচ্ছ্বাস, সূফী নাচে জ্যামিতিক বিন্যাস
মসৃণ পাথরে জেগে থাকা শেওলা
প্রার্থনা কিংবা নিরন্তর জিকির,
পর্বতের ধুয়ে যাওয়া ময়লা

টিন ভেদ করে বেরিয়ে থাকা বাঁশ
নীচে ছাউনি
দশ বাই দশের নাগরিক পরিহাস
নেংটো শিশুর কপালে কালো রঙের টিকা
পাতলা আঁচল, পোকা-খাওয়া দাঁত
প্লাস্টিকের বোতলে ছড়ানো টুথব্রাশ
ফাঁটা বালতি, বিকেলের রোদ
রোদের পিঠে, সন্ধ্যার প্রার্থনা

পথে পথে খুঁজছি প্রার্থনা
এই অশান্ত জনপদের বাঁকে বাঁকে
লুকিয়ে গেছে লজ্জাবতী ঘাস
মানুষের মাথা থেকে শুধুই ইটভাটার ধোঁয়া
ম্যানহোল উপচে অশ্রাব্য, অশ্লীল মানবিক ছায়া
এদেরই ক্লেদাক্ত মলের থাবায়
লুকিয়ে গেছে ছোট ছোট, আলো আলো প্রার্থনা

তাই পথে পথে খুঁজছি প্রার্থনা
আমার ঘরের শিশুটি ঘুমায় না কতকাল
ওর জন্য নিয়ে যাচ্ছি এক সপ্তাহের রেশন
ছোট ছোট, আলো আলো প্রার্থনা।


লেখক

শরৎ চৌধুরী
৪ মে ২০১৪
পল্লবী, ঢাকা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *