ডোরেমন বাংলায় কথা বলে
ডোরেমন, স্মৃতি, ঈদ ও অপ্রাপ্ত প্রেম—এই কবিতায় সময়, শরীর ও কল্পনার ভেতর দিয়ে এক গভীর অনুভূতির যাত্রা।
যৌথফুল বলে কিছু নেই
বৃক্ষের ঈমান এতে নত হয় না
তোমাকে ধরে থাকার কল্পনা
তোমাকে স্পর্শ করার চাইতেও অধিক
অথচ শরীর জাগে
তবুও স্ফূলিঙ্গ জাগে
টাইমলাইন ভুলে যাওয়া চৈত্রের দিকে
তাকিয়ে থাকতে থাকতে
চোখ সরে যায় বৃষ্টির শীতে
আমাদের দৃষ্টি পিছলায়
কর্ণিয়ার ভেতরে ঈদের পোশাক
শাণিত সুখের মতো তীব্র
তোমাকে ভালোবাসি—
বলে পিষে ফেলা হয় না অনেকদিন
ঋতু পাল্টায়
অকস্মাৎ ধাক্কা লাগে
সেই বিহ্বল ধাক্কা পেরিয়ে
তোমার কাছে যেতে যেতে
পৌঁছানো হয় না
ফেরা হয় না ঈদে
স্বপ্নরা আটকে থাকে স্মৃতিতে
কানের লতিতে ডোরেমন
কোন এক ওম-ওম দুপুরে
সে বাংলায় কথা বলে
ওমা—
ডোরেমন বাংলায় কথা বলে।
— শরৎ চৌধুরী
১০ চৈত্র ১৪৩২ / ২৪ মার্চ ২০২৬, ঢাকা