মিঠাপানি নোনাপানি
জাদুকাটা জলে | দেহ, জল ও উপস্থিতির একটি বাংলা কবিতা
জাদুকাটা জলে
আমাকে কেটে কেটে ছড়িয়ে দিয়েছি
আশায় আছি ভেসে উঠবো সমুদ্রে
তবে এর মাঝে
মিঠাপানির মাছের খাবার হিসেবে
ঘরে ঢুকবো তোমার
যে ঘর আমার হয় নাই কখনো
যে জল উচ্ছল শিশু নোনাকান্নায় কাঁদবে না কখনো
তবে আমি ডুবে ডুবে ভেসে থাকবো
কবিতারা যেমন তোমার বুকের উপর হালকা
মেঘের মত বসে থাকে
কেউ দেখেনা
আমি সেই জীবন্ত মেঘ
সবচক্রে, সবচন্দ্রে
তোমার নাভীতে বসে থাকি ভূতের মত
আমি সেই বেসংসারি ভূত
আজানের সাথেসাথে চলে আসি
আমি ভেসে থাকি
আমাকে তাড়ানো যায়না
জাদুকাটা জলে
দেহ বিসর্জনের পর থেকে
দুনিয়ার তাবৎ নারীর গোপনতম উৎকণ্ঠায় আমার বসবাস
আমি থাকিনা, আমি আছি
মিঠা থেকে নোনা পানি পর্যন্ত যাত্রায় তোমাকে দর্শন দেবো
কিংবা দেবোনা
আমি তোমার শাস্তি
নারীর নারী, পুরুষের পুরুষ
কোরানের আয়াত আমাকে ডাকে
মেঘকে ধরো দেখি
শরৎ চৌধুরী, ২রা সেপ্টেম্বর ২০২৫, ঢাকা।