জীবন সুন্দর, আমার মতই
জীবন সুন্দর, আমার মতই | তাড়াহুড়োর বাইরে একটি বাংলা কবিতা
সাফল্য, তাড়াহুড়ো ও পারফরম্যান্সের বাইরে দাঁড়িয়ে আত্মস্বীকৃতি ও বিশ্রামের একটি সমকালীন বাংলা কবিতা।
আমি আমাকে নিয়ে আর তাড়াহুড়ো করছি না
সীমান্তবর্তী সফলতার বুলেট ট্রেন ছুটে যাচ্ছে যাক
ঘুমঘুম ডিপ্রেশন হচ্ছে, হোক
শরীরে ক্ষুধা নিয়ে জেগে উঠছি, বেশ
একান্ত দরকার ছাড়া বাজারে যাচ্ছি না
সবচেয়ে জরুরি, বাজারি হচ্ছি না
আপনাদের হাতিতালি থেকে বিনম্র সরে থাকছি
জীবন ফুরিয়ে যাচ্ছে, যাক
বন্ধুরা ব্যস্ত থাকছেন, থাকুন
যারা; এতগুলি বছরে তাড়াহুড়ো ইন্জেক্ট করেছেন
তাদের বিরুদ্ধে আন্দোলনেও নামছি না
আমার কোথাও পৌছানোর নেই
আমার কোন চূড়ায় ওঠার নেই
কোন পতনে কেঁদে বুক ভাসানোরও কিছু নেই
দর্শনের দরকার নেই
কবিতারাও থামতে পারেন চাইলেই
শাড়িগুলি ভাঁজ হতে হতে জমাট বাঁধুক
শিশুরা বাগানে খেলা করুক
আর কিছু ঘ্রাণ থাকুক রহস্যময়
এইসব বানানো ব্যস্ততা এবার বিশ্রাম নিক
ওদের জন্য মায়া
জীবন সুন্দর, আমার মতই
আমি অতুলনীয়, জীবনের মতই।
শরৎ চৌধুরী, ২১শে জুন ২০২৫; ঢাকা।