তোফাজ্জল ভাত খাইলেন
তোফাজ্জল ভাত খাইলেন | একটি রাজনৈতিক বাংলা কবিতা
তোফাজ্জল ভাত খাইলেন
তিনি যে খাওয়া শেষ করলেন
তা, তিনি জানলেন কি?
জেনে লাভ হইল কি!
ভাত তার মেরুদন্ড বরাবর নালী দিয়া
নামতে নামতে নামতে
একটা পতাকা খুলে গেল
সেই পতাকা সুন্দর
বাটির মধ্যে হাত ধোয়ার মত সুন্দর
সাদা পেটিকোট
সেইখানে লেখা আছে
আদর কইরা পিটায়া মারা জায়েজ
তোফাজ্জল ভাত না খাইলে
আমাদের আদর কই যাইতো?
আমাদের দামী আদরগুলা আমরা কোন পতাকার নীচে লুকাইতাম!
মজলুমের আদরগুলা এমনি
তোফাজ্জল তো মজলুম না,
কারণ তিনি এক বছর ধইরা ভাত খাইলেন
কারণ, মজলুম আদর শিখছে
সামনের অনেক বছর ধইরা তিনি খাবেন
আর ফৎফৎ উড়বে পতাকার মত আদর
শরৎ চৌধুরী, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫, ঢাকা।