আমেনা, তোমাকে কবর দিয়ে আমি কি করেছি তা আমার মনে আছে
স্মৃতি, মৃত্যু ও মধ্যবর্তী দশার একটি বাংলা কবিতা
শোক, দাম্পত্য, স্মৃতি ও মৃত্যুর মাঝামাঝি এক অবস্থান নিয়ে লেখা একটি অন্তরঙ্গ ও গভীর বাংলা কবিতা।
কফি, বসে আছে
মানে রেখে এসেছি টেবিলে
সেই টেবিলে গোলাকার দাগ
মুছে যাবে এরই মাঝে
এবং মুছবে না
এবং মনে করিয়ে দেবে
এই দুইয়ের মাঝখানেই বেঁচেছি এতদিন
কোথাও কিছু মুছে যায় না
জানি কীভাবে শেষ হবে
শেষ চুমুকের পরও যা থেকে যায়
তা, আমাদের ছিলনা কখনো
ফলে, ভাগে স্মৃতিগুচ্ছো
বিছানার রক্ত, ঘুমের মাঝে হাত
যেমন ঘুমিয়ে আছি, এবং জেগে আছি
যেমন জেনে আছি এবং না জেনে
এই যে কাছ থেকে দেখলাম পরস্পরকে
একই বিছানায়, একই সন্তানে, একই মৃত্যুতে
এই যে দৈনন্দিন দর্শক, উইন্ডশিল্ডে বৃষ্টির ফোঁটা
চলতে চলতে মুছে যাবে
আবার থেকে যাবে
এই গাড়ী কোথাও পৌছাবে না
কারোটা পৌছায় না
তবুও দৈনন্দিন দর্শক
বৃষ্টির ফোঁটা অনন্ত
এটি আর যাই হোক বেহেস্ত হতে পারেনা
নরকও নয়
এক মধ্যবর্তী দশা
দুই দিনের দুনিয়া
আমেনা আমেনা ডাক আসে
আমেনা, তুমি কোথায়?
আমেনা, তোমাকে কবর দিয়ে আমি কি করেছি তা আমার মনে আছে
আমাকে কবরে দিয়ে তুমি কি করেছো মনে আছে
আমেনা, কাফন বসে আছে অথবা কখনোই ছিল না
আমরা পরস্পরের দৈনন্দিন কাফন এবং শাড়ী
শিশুরা এসব বোঝেনা
আমেনা, আমরাও তো শিশু ছিলাম।
শরৎ চৌধুরী, ৫ই সেপ্টেম্বর ২০২৫।