মেঘেদের শাড়ি বদল
মেঘেদের শাড়ি বদল | একটি বর্ষা ও গৃহস্থালির বাংলা কবিতা
আর মেঘেরা শাড়ি শুকাতে দিয়েছে আকাশে
ছাই ছাই বুকে তার
বুনো হুংকার
ডাকে বৃষ্টি, জল; কোলাহল
নীচের পৃথিবী জেগে উঠছে খুব
পিতারা পুকুরে
মাছ নিয়ে ফিরবে বলে হেলেঞ্চা শাক হাসছে দুলেদুলে
ধনেপাতা শুয়ে আছে শিলপাটার পাশে
গুলজারের গজল শুরু হল রেডিওতে
চিংড়ি ভর্তার ঘ্রাণে শিরশির করছে বাড়ির উঠান
গতরাতের স্নাণে ঝকঝক করছে মাটি
আর মেঘেরা ভাঁজ খুলবে বলে মিটিমিটি হাসছে
কোমরে তার অদ্ভুত আকাশ
পিতারা পুকুর থেকে মাছ আনছে
উনুনে উল্লসিত সরষের তেল
কাসার থালায় দম দিচ্ছে খিচুড়ি
কড়কড়ে মাছ ভাজার উপর আজ একটু স্পর্শ দেবেন
লাস্যময়ী ঘি
এই আনন্দে ঘুরঘুর ঘুরছে ঘরের বাতাস
এরপর
লিপস্টিক থেঁতলে যাবে
শিউলিগুলি মুচকি হাসবে
আর শুকনো মরিচের ঝালে, ওষ্ঠ গলে যাবার আগে
কেউ বলবে,
“আরে দরজাটা তো বন্ধ করবে”।
শরৎ চৌধুরী, ২২শে আগস্ট ২০২৫। ঢাকা।